অষ্টবক্রের কলকাতা ভ্রমণ


কলকাতা, এক স্বপ্নের মহানগরী। বিশাল বিশাল অট্টালিকা, বিভিন্ন রকম মানুষ, কত নামি নামি জায়গা, কত্তোকিছু!

আমার কিছু প্রতিবেশী বন্ধু কোলকাতায় কাজ করে। আমারও খুব ইচ্ছা, আমিও কোলকাতা যাবো একদিন।

বাবাকে একদিন বললাম- "বাবা একদিন কোলকাতা নিয়ে যাবে? কোনোদিন তো যাইনি.."

উত্তর এলো "কি দরকার?.. অনেক টাকার ব্যাপার..সময় নষ্ট..আর তাছাড়া গিয়ে কোথাও তো উঠতে হবে'।

বুঝলাম যাওয়া হবে না। মনে মনে বললাম- "ঠিক আছে, আমি একাই যাবো.. তোমাকে যেতে হবে না"

একদিন বেড়িয়েই পড়লাম। গন্তব্য- বন্ধুর বাড়ি। ২০১৮ সাল, তারিখটা ঠিক মনে নেই তবে গরমকাল।

দুটো রুটি খেয়ে এক প্যাকেট বিস্কুট সাথে নিয়ে তিন কিলোমিটার হেঁটে রাত্রি সাড়ে আটটায় পৌঁছে

গেলাম আমাদের চিত্তরঞ্জন স্টেশন। নটায় লোকাল ট্রেন আছে, সরাসরি শিয়ালদা পৌঁছে দেয়।

ট্রেনটা এসে দাঁড়ালো দুই নম্বর প্লাটফর্মে, উঠে পড়লাম। এই প্রথমবার একা এতটা দুরের পথ যাবো,

একটু ভয় ভয় করছিলো।এক এক বার মনে হচ্ছিল..নাহ্‌ বাড়ি ফিরে যাই, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল।


একটা শিটি দিয়ে ট্রেন চলতে শুরু করল, বুকটা এবার ধকধক করছে।

আসানসোল পার হলো..রানিগঞ্জ পার হলো... দুর্গাপুর পার হলো, মনটা বারবার বলছে "অষ্টবক্র বাড়ি চল, এখনো সময় আছে"

আমার অটল সিদ্ধান্তের কাছে একসময় মনটাও হেরে গিয়ে চুপ হয়ে গেল।

নাহ্‌.. এখন আর ভয় লাগছে না। রাত বাড়ছে, কিন্তু চোখে ঘুম আসছে না।

গুগল ম্যাপে লাইভ লোকেশন খুলে বসে আছি, ট্রেন চলছে তো চলছেই...

অবশেষে ভোর পাঁচটায় শিয়ালদা পৌছালো। ট্রেন থেকে নামলাম প্লাটফর্মের উপর, জানিনা কত নম্বর প্লাটফর্ম।

স্টেশনে প্রচুর লোক, আমি শুধু ঘুরছি.. বেরোবার কোনো রাস্তা পাচ্ছি না। একটু শুধু দাঁড়িয়েছি, হঠাৎ একটা সবজীর ঝুঁড়িবালা লোক ধাক্কা মেরে চলে গেল, ঘুড়ে দেখতে গেলাম.. ততক্ষণে আরও একটা সবজীবালার ধাক্কা খেলাম। বুঝলাম দাঁড়িয়ে থাকা যাবে না, চলতে হবে।

কিন্তু কোনদিকে যাবো!? স্টেশন থেকে বেরোনোর কোনো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। শেষে নিরুপায় হয়ে এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম- " আচ্ছা দাদা, এই স্টেশন থেকে বেরোনোর কোনো ব্যবস্থা আছে?"

ভদ্রলোক কিছুটা আশ্চর্যের সুরে বললেন- "হ্যাঁ.. ওইযে একটা আরপিএফ দাঁড়িয়ে আছে, ওখান দিয়ে ডানদিকে সোজা চলে যান, গেট আছে"

ধন্যবাদ বলার মতো পরিস্থিতি আমার তখন ছিল না, সোজা টিকিট জমা করে স্টেশন থেকে বেরোলাম।

বেরোলাম তো বটে, কিন্তু যাবো কোনদিকে?

বন্ধুকে ফোন করলাম, ও বললো- " ১২ নম্বর পাকারকে গড়িয়া আজা"

ভাবলাম ১২ নম্বর বাস হবে হয়তো, তাই বাস রোড খুঁজতে লাগলাম।

বাস পাওয়া যাচ্ছে না... অপেক্ষা করে আছি। ১২ লেখা আছে এমন অনেক বাস আসছে, কিন্তু সবাই নাকি বাবুঘাট যাবে!

ইতিমধ্যে এক সহৃদয় ট্যাক্সিবালা এসে জিজ্ঞেস করলো- "গড়িয়া যাবেন তো? বসুন"

আমি চমকে গেলাম! এ কিকরে জানলো যে আমি গড়িয়া যাবো!!

ভাড়া জিজ্ঞেস করায় সে বললো ১৫০ টাকা। কিন্তু আমার লোকটাকে ঠিকঠাক মনে হলো না, তাই মানা করে দিলাম।

অবশেষে বন্ধুকে আবার ফোন করলাম- "কাঁহা রে, সব বাস তো বাবুঘাট যা রাহা হ্যায়..হামকো ক্লিয়ারলি বোল কেয়া করনা হ্যায়"

তখন জানতে পারলাম যে ৯ নম্বর প্লাটফর্মে ১২ নম্বর লোকাল ট্রেন পাওয়া যাবে।

অগত্যা আবার ঢুকলাম স্টেশনে, টিকিট কাউন্টারে লম্বা লাইন।

ডিজিটাল টিকেটিং মেশিনে মাত্র একটা মেয়ে টিকিট নিচ্ছিলো, তাকেই বললাম আমার টিকিট টা বের করে দিতে।

 সে বললো 'দুটো গড়িয়া আছে, আপনি কোনটায় যাবেন?"

বন্ধুর কাছে জেনে নরমাল গড়িয়ার টিকিট নিলাম মেশিনে পাঁচ টাকা দিয়ে। এবার শুরু হলো বিচালির গাদায় ছুঁচ খোঁজা, উপর-নীচ ঘুরে ঘুরে শেষে নয় নম্বর প্লাটফর্ম খুঁজে পাওয়া গেল, উঠে পড়লাম ট্রেনে।

গাদাগাদি ভীড়, কখন যে গড়িয়া পার হয়ে গেল বুঝতে পারলাম না। যখন বুঝলাম তখন ট্রেনটার গতি কম ছিল, লাফিয়ে নেমে গেলাম।

 যাইহোক, বেশি দুর যাইনি। বন্ধুকে ফোন করে লোকেশনটা জানাতেই বন্ধু এসে হাজির হলো,ওর নাম 'করন', আমার প্রতিবেশী বন্ধু। এবার অনেকটা শাস্তি পেলাম।

বন্ধুর সাথে চললাম তার বাড়ি। আমার কল্পনার সাথে বাস্তবের কোনো মিল ছিল না।

বড় রাস্তা ছেড়ে সরু রাস্তায়... তারপর গলির রাস্তায়... তারপর নোংরা গলি দিয়ে নালা ডিঙিয়ে একটা ঘরে পৌছালাম। কোনো বাড়ি নয়, একটা ১০/১২ ফিটের ঘর, যার মধ্যে আমার দুই বন্ধু থাকে।

কিচ্ছু খাওয়া হয়নি...অথচ খিদে আর নেই, খিদের জ্বালায় পেটের ভেতর যে ইদুরটা দৌড়াদৌড়ি করছিল সেটা বোধহয় অনাহারে মারা গেছে।

টেবিল ফ্যান চালিয়ে বসলাম। হাইস্পীডে ফ্যান ঘুরছে অথচ হাওয়া নেই... কি বিরক্তিকর পরিস্থিতি!

বসেও শান্তি নেই।


কিছুক্ষণ পর দুজনে বেরোলাম বাজার করতে । গড়িয়া স্টেশনের কাছে এক বৌদির দোকানে কচুরি খেয়ে চললাম চিকেন কিনতে। ওরকম ভীড় কোথাও দেখিনি, লাফিয়ে লাফিয়ে চলতে হচ্ছিল রাস্তা দিয়ে। দোকানগুলোতে মনে হচ্ছে বিনামূল্যে জিনিসপত্র দান করছে..তাই এতো ভীড়!

প্যাঁপ্যাঁ..পিঁপি..পপ... একদম ঝালাপালা অবস্থা। বন্ধু বারবার কোন দিকে চলে যাচ্ছে খুঁজেই পাচ্ছি না!

কতবার গাড়িতে ধাক্কা খেতে গিয়ে বাঁচলাম।

বাজার করা হয়ে গেল, ফিরে আসছি..করনের এক বন্ধুর সঙ্গে দেখা হল। করন আমাকে বলল- "তু ঘর যা..হাম থোরি দের মে আ জায়েঙ্গে”। আমি বেশ কিছুটা দূর একাই চলে আসলাম, কিন্তু গলির রাস্তায় এসে আর কিছু চিনতে পারছি না। যে গলিতেই ঢুকছি, অন্যখানে চলে যাচ্ছি। শেষে ঘুড়তে ঘুড়তে আবার করনের কাছেই চলে গেলাম।

অবশেষে দুপুর আড়াইটায় এসে পৌছালাম, রান্না হলো..খেলাম,.. ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙ্গলো রাত নটায়,

ঠান্ডা লাগছে.. জ্বর এসে গেছে।

মাথা ব্যাথা করছে, অসস্তি লাগছে, মশা কামড়াচ্ছে। সারারাত ধরে শুধু মশা মারলাম, একটা করে মারছি আর পিঁপড়ে এসে নিয়ে যাচ্ছে। রাত্রে আর ঘুম হলো না।

সকাল হলো, ছয়টা পরিবারের জন্য একটাই সৌচালয় আছে। তাই অপেক্ষা না করে পাঁচ টাকা নিয়ে স্টেশনে গিয়ে চিন্তামুক্ত হয়ে এলাম। বন্ধুরা এবার কাজে যাবে।

 শুনেছিলাম একজন পেট্রোল পাম্পে কাজ করে আর আরেকজন কাপড়ের ফ্যাক্টরিতে।

আমিও ওদের সাথে চললাম ওদের কর্মস্থল দেখতে। ওরা আমাকে একটা চায়ের দোকানে নিয়ে গেল,

করন নিজে হাতে কেটলি থেকে চা ঢেলে আমাকে দিলো। কিছুটা আশ্চর্য হলাম, তারপর ভাবলাম চেনা দোকান তাই হয়তো নিজে হাতে দিচ্ছে

দেখলাম দোকানে লোক আসছে গাড়িতে পেট্রোল ভরতে, আর করন বোতলে করে তাদের গাড়িতে

পেট্রোল ঢালছে। আসলে একটাই দোকানে চা বিস্কুট পেট্রোল সব পাওয়া যায়। করন সেই দোকানে কাজ করে।

দোকানটা ওদের বাড়ি থেকে বেশি দুরে নয়, মোড়টাতেই একটা শনিমন্দির আছে ওখান থেকে দুশো মিটার মতো হবে।

আরেক বন্ধুও কোনো কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করে না, একটা ছোট কাপড়ের দোকানে কাজ করে।

করন ওর দোকানের মালিকের কাছে সেদিন ছুটি নিলো আমাকে কোলকাতা ঘোরানোর জন্য। ও আমার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল একটা মোবাইল রিপেয়ারিং এর দোকানে মিস্ত্রি হিসাবে।

কিন্তু বেতন মাত্র আট হাজার টাকা, আমি করলাম না।

এবার দুজন মিলে বেরোলাম কলকাতা ঘুরতে । ট্রেনে আসলাম শিয়ালদা, ওখান থেকে বাসে উঠলাম হাওড়ার উদ্দেশ্যে। বাস চলছে..আর করন আমাকে অনেক কিছুর সাথে পরিচয় করাচ্ছে।

 আমি শুধু দেখছি বাসটার পেছনে একটা ট্রাম আসছে, আমি বারবার পেছনে তাকিয়ে ওটাই দেখছি। একসময় বাসটা সিগন্যালে দাঁড়িয়ে পড়লো ট্রাম লাইনের উপরেই। আমি পেছনে তাকিয়ে দেখলাম ট্রামটা আসছেই। করনকে বললাম, ও পাত্তাই দিল না। আমি ভয়ে দিশাহারা.. তাহলে ড্রাইভার কি ট্রামটাকে দেখেনি?!

ট্রামটা যখন একবারে কাছে চলে এসেছে তখন আমি সীট থেকে উঠে করনের হাত ধরে টেনে বললাম - করন ভাগ...ট্রাম আ রাহা হ্যায়..আভি ঠোকেগা..।

আমার অবস্থা দেখে করন হাসছে, বাকি যাত্রীদের কোনো রিয়েকশন দেখলাম না। ট্রামটা এসে আস্তে করে বাসটার পেছনে দাঁড়িয়ে পড়লো। আমার খুব লজ্জা লাগলো, বাসের লোকগুলো আমাকে কি ভাবলো কি জানি..

জিবনে প্রথম স্বচক্ষে ট্রাম দেখলাম তাও আবার এইরকম ভাবে। লজ্জায় আর কারো দিকে তাকাই নি।

অবশেষে পৌছালাম হাওড়া বাসস্ট্যান্ড। ওখান থেকে স্টেশন একবারে কাছে। হাওড়া ব্রীজটাও সামনেই।

ওখানে একটা এগরোলের দোকান ছিল, খুব ইচ্ছা হল এগরোল খাওয়ার। কিন্তু ওইযে একটা কথা আছে- "অভাগা যেদিকে চায়, সাগর সুকায়ে যায়"..আমারো তাই হলো। ভাবলাম, আগে হাওড়া স্টেশনটা দেখে আসি।

স্টেশনের সামনে অত্যাধিক ভীড়। ভীড়ের মধ্যে দিয়ে ঠ্যালাগুতো করতে করতে কখন যে ভেতরে ঢুকে গেলাম বুঝতেই পারলাম না। ভেতরে ঢুকে সবাই যখন এদিক ওদিক ভাগ হয়ে গেল তখন কিছুটা ফাকা মনে হলো।

করন আমাকে দেখাচ্ছিল একটা রাস্তা যেখান দিয়ে স্টেশনে ট্রাক ঢোকে। এমন সময় হঠাৎ পেছন থেকে আমার কাঁধে একজন হাত দিলো।

পেছনে ফিরে দেখি টিটি দাঁড়িয়ে আছে। আমাদের জিজ্ঞেস করলো- "কাঁহা যানা হ্যায়?"

আমি বললাম "কাঁহি নেহি, যাস্ট দেখনে আয়ে হে"

প্লাটফর্ম টিকিট দেখতে চাওয়ায় আমার মাথা ঘুরে গেল। এতক্ষণ আমরা খেয়ালই করিনি যে আমরা প্লাটফর্মের গেট পার হয়ে গেছি। টিটিকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমি প্রথম এখানে এসেছি, গেটটা খেয়াল করিনি, বাসে এসেছি, এমনকি বাসের টিকিটও দেখালাম। কিন্তু কোনো লাভ হলো না,

গেটের কাছে নিয়ে গেল আমাদের। বললো "এক হাজার রুপিয়া ফাইন দে"

ভেড়ার মতন দাঁড়িয়ে থাকলাম আমরা, কারন আমাদের দুজনের পকেট মিলিয়ে মোট পাঁচশ টাকাও হবেনা।

দুর্ভাগ্যের বিষয়, তখন মেইন গেট প্রায় ফাঁকা বললেই চলে। ভীড় থাকলে ভীড়ের মধ্যেই হাওয়া হয়ে যেতাম, টিটি টেরও পেত না।

শেষে দুজনের পকেট ঝেড়েঝুড়ে টিটিকে মোট তিনশো টাকা দিয়ে অনেক রিকুয়েস্ট করে বাস ভাড়ার জন্য পঞ্চাশ টাকা নিলাম। মনে মনে গালাগাল দিতে দিতে স্টেশন থেকে বেরোলাম। এগরোল আর খাওয়া হলো না।

এবার গেলাম হাওড়া ব্রীজের দিকে, ব্রীজে ওঠার একটা সিঁড়ি আছে। সিঁড়ির মধ্যেই হাজারটা ফুটপাতিয়া দোকান। ব্রীজে উঠে অনেক ফটো তুললাম। শেষে দশ টাকার চপ মুড়ি দুজনে খেয়ে আবার ফিরলাম গড়িয়া।

আগের দিনের চিকেন কিছুটা রাখা ছিল, নষ্ট হয়নি। তার মধ্যে ভাত মিশিয়ে বিরিয়ানীর মতো তৈরি করা হলো।

 টাইম কলের লাইনে দাঁড়িয়ে খাবার জল নিয়ে ঘরে ঢুকে দেখি সবকিছু কেমন যেন অন্যরকম।

তৎক্ষণাৎ ঘর থেকে বেরোলাম, ভাগ্যিস কেউ দেখেনি। অন্যের বাড়িতে ঢুকে পড়েছিলাম। পরপর ছয়টা ঘর একই ভাবে তৈরি, তাই গন্ডগোল হয়েছিল। যাইহোক কেউ দেখেনি। নাহলে হয়তো কলকাতার হসপিটালও দেখা হয়ে যেত।

খাবার খেয়ে শুয়ে শুয়ে ফোনের ক্যামেরাবল্দী ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। রাত্রে আর রান্না হলো না, হোটেলে গিয়ে খেলাম আমরা।

রাত্রে আর ঘুম আসছে না, মশার অত্যাচারে অতিষ্ট হয়ে যাচ্ছি। ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মশাগুলো মনে হয় ওদের কামড়ায় না। রাত তিনটেয় রেডি হলাম বাড়ী আসার জন্য।

করন শিয়ালদা স্টেশনে টিকিট কেটে আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে বললো- "হামলোগ কেয়া কাম করতে হ্যে কিসিকো বোলনা মত"

আমি "ঠিক হ্যায়" বলে ট্রেনে উঠে বসলাম।

লোকাল ট্রেন, চিত্তরঞ্জন পৌঁছাতে বিকেল হয়ে যাবে। সারারাত ঘেটে ঘেটে ফোনে প্রায় চার্জ নেই বললেই চলে। ট্রেনের মধ্যে ফোনটা চার্জে লাগিয়ে বসে আছি। 

ট্রেন চলছে, জানালা দিয়ে ফুরফুরে হাওয়া আসছে। আমি বাইরের দিকে তাকিয়ে আছি। ঘর বাড়ি গাছপালা ফাঁকা মাঠ সব দেখছি। মাঝে মাঝে ফোনের দিকেও নজর রাখছি । ট্রেনটা ধিরে ধিরে ভীড় হচ্ছে।

ট্রেনটা পানাগড় স্টেশনে থামতেই দেখলাম ফোনটা নেই, এমনকি চার্জারটাও নেই। সামনে দাঁড়িয়ে থাকা লোকজনকে জিজ্ঞেস করেও কোনো সঠিক উত্তর পাওয়া গেল না। বুঝলাম কোনো অভিজ্ঞ চুরাশিবুদ্ধিসম্পন্ন ব্যক্তি মুহূর্তের মধ্যেই ওটা নিয়ে চম্পট দিয়েছেন। ইচ্ছা করছিল চোরটাকে সামনে পেলে ইয়ারফোনটাও দিয়ে দেবো। কারন ফোনের অবর্তমানে ওটা আমার কোনো কাজে লাগবে না।

গাধার মত বসে থাকা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মুখচোখ দেখে আশেপাশের সবাকেই কেমন যেন চোরের মাসতুতো ভাই মনে হচ্ছিল।

খুব কষ্ট হচ্ছিল, একটাই মাত্র ফোন ছিল কত কষ্ট করে কিনেছিলাম, একটু অসতর্কতার কারনে চলে গেল। কোলকাতার কতরকম কত ফটো তুলেছিলাম, সব চলে গেল।

জানি আমার প্রাইভেসির কোনো ক্ষতি হবে না, কারন আমার ফোনটা "রুটেড ডিভাইস" ছিল। লক খুলতে না পেরে ও যদি হার্ড রিসেট করে তাহলে স্টোরেজ তো ডিলিট হবেই সঙ্গে অপারেটিং সিস্টেমটাও আর থাকবে না। তাই সে বিষয়ে খুব বেশি টেনশন আমার হয়নি।

ফোনহীনতায় ভুগতে ভুগতে চিত্তরঞ্জন এলাম। বাড়ি এসে সিমকার্ডটা বন্ধ করালাম। ট্র্যাক করে দেখলাম ফোনটার কারেন্ট লোকেশন "দাড়ভাঙ্গা"

যাইহোক, মনভাঙ্গা কপালভাঙ্গা নিয়ে দাড়ভাঙ্গা খুঁজে আর লাভ নেই, বাড়ির লোকের কাছে অমৃত বাণী শুনে খেয়েদেয়ে ঘুম দিলাম।

- অথঃ শ্রীভ্রমণকথা সমাপ্তম্ -

Comments